
বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা,জনমনে আতঙ্ক না ছড়াতে প্রশাসনের আহ্বান
মৌলভীবাজারের বড়লেখায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম ও পাম্প বন্ধ রাখার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ মার্চ) উপজেলার চৌমুহনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌমুহনী এলাকার একটি পেট্রোল পাম্প সরকার নির্ধারিত নিয়ম অমান্য করে বন্ধ রাখা এবং যথাযথভাবে জ্বালানি তেল বিক্রয় না করে গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি করছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি সংগ্রহ ও দৈনিক ট্রিপভিত্তিক বিক্রয় নিশ্চিত করতে হবে।
কোনো অবস্থাতেই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা যাবে না।
কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, "দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে, তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই।"
পাশাপাশি তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অবৈধ পন্থায় বাসা-বাড়িতে জ্বালানি মজুদ করা আইন পরিপন্থী। এভাবে তেল সংরক্ষণ করলে যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড বা জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক আলী উবায়েদ ইমন
WhatsApp +880 1766-915006
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫